Cvoice24.com

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিয়ে পিসিআইইউ মিডিয়া ক্লাবের ভার্চুয়াল টক

সিভয়েস২৪ ডেস্ক
২০:২৩, ৩১ ডিসেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিয়ে পিসিআইইউ মিডিয়া ক্লাবের ভার্চুয়াল টক

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) মিডিয়া ক্লাবের উদ্যোগে ‘ভার্চুয়াল টক অন স্টাডি অ্যাব্রড’ শীর্ষক একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত অনলাইন প্ল্যাটফর্ম গুগল মিটের মাধ্যমে দুই ঘণ্টাব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো স্টেট ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষারত স্কলার জুয়েল দাশ এবং ওয়েস্টার্ন মিশিগান ইউনিভার্সিটির স্কলার আকিব উল ওয়াদুদ আলম।

উল্লেখ্য, প্রধান আলোচক জুয়েল দাশ পিসিআইইউ-এর সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সাবেক সভাপতি ও সহকারী অধ্যাপক এবং আকিব উল ওয়াদুদ আলম একই বিভাগের প্রভাষক। তারা বর্তমানে উচ্চশিক্ষার জন্য শিক্ষা ছুটিতে (Study Leave) যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

দুই ঘণ্টাব্যাপী এই সেশনে বক্তারা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, গবেষণার পরিবেশ, টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, স্কলারশিপ প্রাপ্তির কৌশল ও আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত অভিজ্ঞতা ও দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে বিদেশের মাটিতে একাডেমিক ও সাংস্কৃতিক চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবিলা করতে হয়, সে বিষয়েও তারা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। নিজ বিভাগের শিক্ষকদের এমন সাফল্য ও সান্নিধ্য বর্তমান শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণামূলক ও আন্তরিক পুনর্মিলনীতে পরিণত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি এবং মিডিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা দিলরুবা আক্তার। উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষার্থীদের বৈশ্বিক উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সচেতন হওয়ার এবং আন্তর্জাতিক মানের দক্ষতাসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ডিন ড. মোহিত উল আলম এবং পিসিআইইউ-এর সাংবাদিকতা বিভাগের প্রভাষক ও ক্লাবের উপদেষ্টা তাসলিমা আক্তার ইরিন।

পিসিআইইউ মিডিয়া ক্লাবের সভাপতি রবিন দাশগুপ্তের সভাপতিত্বে এবং সহ-সভাপতি পূজা ঘোষ ও সাধারণ সম্পাদক প্রান্ত চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ ধরনের আয়োজনকে অত্যন্ত সময়োপযোগী, তথ্যবহুল ও অনুপ্রেরণামূলক বলে অভিহিত করেছেন।

শিক্ষা সব খবর