Cvoice24.com

আন্তর্জাতিক স্বীকৃতি : সালাউদ্দীন আলী পেলেন সম্মানসূচক ডক্টরেট

সিভয়েস২৪ ডেস্ক
২০:৩৫, ১৮ অক্টোবর ২০২৫
আন্তর্জাতিক স্বীকৃতি : সালাউদ্দীন আলী পেলেন সম্মানসূচক ডক্টরেট

গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটির পক্ষ থেকে হসপিটালিটি ও হেলথ কেয়ার খাতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের বিশিষ্ট উদ্যোক্তা সালাউদ্দীন আলীকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে। এই স্বীকৃতি তাঁর অসামান্য উদ্যোগ, কর্মদক্ষতা এবং সমাজের প্রতি গভীর মানবিকতার ফল। আন্তর্জাতিক অঙ্গনে তাঁর এই স্বীকৃতি দেশের জন্য বয়ে এনেছে এক বিশাল গৌরব।

শুক্রবার (১৭ অক্টোবর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর বিখ্যাত বিএমআইসিএইচ (BMICH) হলে আয়োজিত এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও আন্তর্জাতিক শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

হসপিটালিটি ও হেলথ কেয়ার সেক্টরে ব্যবসা প্রসার, মানোন্নয়ন এবং বিশ্বমানের পরিষেবা নিশ্চিত করতে সালাউদ্দীন আলীর নেতৃত্ব বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। এই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মূলত বিশ্বব্যাপী হসপিটালিটি শিল্পে তাঁর অনন্য অবদান ও সৃজনশীল নেতৃত্বকে স্বীকৃতি দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সালাউদ্দীন আলী শুধু একজন সফল উদ্যোক্তাই নন, তিনি তাঁর কাজের মাধ্যমে সমাজের বৃহত্তর অংশের মানুষের জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করেছেন। হসপিটালিটি শিল্পে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা এবং হেলথ কেয়ার খাতে আধুনিক প্রযুক্তি ও মানবিক সেবার সমন্বয় ঘটানো তাঁর প্রধান লক্ষ্যগুলোর অন্যতম।

সালাউদ্দীন আলী বলেন, আমি গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটির কাছে কৃতজ্ঞ। এই স্বীকৃতি আমার কাজের প্রতি আরও দায়বদ্ধতা বাড়িয়ে দিলো। আমি বিশ্বাস করি, ব্যবসা কেবল মুনাফার জন্য নয়, মানুষের সেবার মাধ্যমে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠাই আসল লক্ষ্য। এই দীর্ঘ পথচলায় বিভিন্ন সময়ে অনেক সম্মাননা পেয়েছি, তবে এবার যা ঘটেছে, তা আমার জীবনের অন্যতম বড় অর্জন। দেশের বাইরে একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে এমন স্বীকৃতি আমার আগামী দিনের কাজকে আরও অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, তাঁর এই সম্মাননা দেশের অন্যান্য উদ্যোক্তাদের জন্যও অনুপ্রেরণা, যাঁরা ব্যবসা ও মানবিকতাকে একই সূত্রে গাঁথতে চান। হসপিটালিটি ও হেলথ কেয়ারের মতো গুরুত্বপূর্ণ খাতে সালাউদ্দীন আলীর পথচলা ভবিষ্যতেও নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

শিক্ষা সব খবর