Cvoice24.com

সরকারি স্কুলে ভর্তি নীতিমালা প্রকাশ, ২১ নভেম্বর থেকে আবেদন

সিভয়েস২৪ ডেস্ক
১১:৩৬, ১৪ নভেম্বর ২০২৫
সরকারি স্কুলে ভর্তি নীতিমালা প্রকাশ, ২১ নভেম্বর থেকে আবেদন

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত নীতিমালা জারি করা হয়। এতে সই করেন বিভাগের সচিব রেহেনা পারভীন।

নীতিমালায় বলা হয়েছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এন্ট্রি শ্রেণিতে ভর্তি নেওয়া হবে। আসন শূন্য থাকলে নবম শ্রেণি পর্যন্ত অন্য শ্রেণিতেও ভর্তি করা যাবে। ‘জাতীয় শিক্ষানীতি ২০১০’ অনুযায়ী ৬ বছরের বেশি বয়সী সব শিশুকে ভর্তি নিশ্চিত করতে হবে। তবে নির্দিষ্ট শিক্ষাবর্ষে বয়সসীমা কঠোরভাবে অনুসরণ করতে হবে।
২০২৬ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়স নির্ধারণ করা হয়েছে—১ জানুয়ারি পর্যন্ত কমপক্ষে ৫ বছর এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত সর্বোচ্চ ৭ বছর। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সে বাড়তি ৫ বছরের সুবিধা দেওয়া যাবে।

২০২৬ শিক্ষাবর্ষ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রতি শাখায় শিক্ষার্থী সংখ্যা সর্বোচ্চ ৫৫ জন ধরা হয়েছে। বয়স যাচাইয়ের জন্য অনলাইন জন্মনিবন্ধনের সত্যায়িত কপি জমা দিতে হবে।

আবেদন ও লটারি

ভর্তির আবেদন, লটারি ও ফি-সংক্রান্ত সবকিছু নির্ধারণ করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। মাউশি কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারি পরিচালনা করবে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দ করতে পারবে। ডাবল শিফট স্কুলের দুটো শিফট আলাদা পছন্দ হিসেবে গণ্য হবে। পছন্দের একটিকে সফটওয়্যারে চূড়ান্তভাবে নিশ্চিত করতে হবে।

ঢাকার ক্যাচমেন্ট এরিয়া অপরিবর্তিত

ঢাকার ৪৪টি সরকারি মাধ্যমিক স্কুল আগের মতোই তিন ভাগে বিভক্ত থাকবে। প্রতিটি প্রতিষ্ঠানের প্রধান সর্বোচ্চ তিনটি সংলগ্ন থানা ক্যাচমেন্ট এরিয়া হিসেবে নির্ধারণ করতে পারবেন। ক্যাচমেন্ট এরিয়ার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

কোটা পরিবর্তন

এই নীতিমালায় বেশ কিছু কোটায় পরিবর্তন আনা হয়েছে।

ক্যাচমেন্ট: ৪০%

মুক্তিযোদ্ধা সন্তান: ৫%

বিশেষ চাহিদাসম্পন্ন: ২%

শিক্ষা মন্ত্রণালয় ও অধীন দপ্তর–সংস্থার সন্তান: মোট ১%

যমজ কোটা: ৩% থেকে কমে ২%

সহোদর কোটা: ২% থেকে বাড়িয়ে ৩% (সর্বোচ্চ তিন সন্তান পর্যন্ত)
এ ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করা শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ শ্রেণিতে ১০% আসন সংরক্ষিত থাকবে।

ভর্তি কমিটি

ঢাকায় মাউশির মহাপরিচালক, জেলায় জেলা প্রশাসক এবং উপজেলায় ইউএনওর নেতৃত্বে ভর্তি কমিটি গঠন করা হয়েছে।

সম্ভাব্য সময়সূচি

বিজ্ঞপ্তি: ১৯ নভেম্বরের মধ্যে

আবেদন শুরু: ২১ নভেম্বর

আবেদন শেষ: ৭ ডিসেম্বর

ডিজিটাল লটারি: ১৪ ডিসেম্বর

ভর্তি: ১৭–২১ ডিসেম্বর

শিক্ষা সব খবর