Cvoice24.com

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

সিভয়েস২৪ ডেস্ক
১২:০০, ১৬ নভেম্বর ২০২৫
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

২০২৫ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে শিক্ষাবোর্ডগুলো। রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় দেশের সব সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড একযোগে অনলাইনে ফল প্রকাশ করে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, শিক্ষার্থীদের আবেদন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। প্রতিটি খাতা সতর্কতার সঙ্গে পুনঃনিরীক্ষণ করা হয়েছে।

তিনি বলেন, বোর্ডগুলোর ওয়েবসাইটে ফল দেখা যাবে, পাশাপাশি আবেদনকারীদের নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল পাঠানো হবে।

শিক্ষাবোর্ড–সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার খাতা পুনঃনিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। দেশের ১১টি শিক্ষাবোর্ডে ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। মোট আবেদন করা খাতার সংখ্যা ৪ লাখ ২৮ হাজার।

সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা বোর্ডে, সবচেয়ে কম বরিশাল বোর্ডে। বিষয়ভিত্তিকভাবে সর্বাধিক আবেদন এসেছে ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে।

গত ১৬ অক্টোবর মূল ফল প্রকাশের পর ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাত দিন পুনঃনিরীক্ষণের আবেদন নেওয়া হয়। প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিতে হয়েছে শিক্ষার্থীদের।

উল্লেখ্য, এ বছর সারা দেশের ৯ হাজার ১৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি–সমমান পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন, পাসের হার ৫৮.৮৩ শতাংশ। ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন। ছাত্রীদের পাসের হার ৬২.৯৭ শতাংশ, ছাত্রদের ৫৪.৬০ শতাংশ।

শিক্ষা সব খবর