Cvoice24.com

নতুন মানদণ্ডে সরকারি কলেজ, ‘এ’ শ্রেণিতে চট্টগ্রামের চার 

সিভয়েস২৪ ডেস্ক
১৩:১৫, ২৬ নভেম্বর ২০২৫
নতুন মানদণ্ডে সরকারি কলেজ, ‘এ’ শ্রেণিতে চট্টগ্রামের চার 

প্রশাসনিক প্রয়োজনে দেশের ৭০৮টি সরকারি কলেজকে চারটি ক্যাটাগরিতে ভাগ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে চট্টগ্রাম জেলার চারটি কলেজসহ ৮১টি কলেজ ‘এ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে। তালিকায় চট্টগ্রাম কলেজ রয়েছে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে।

সোমবার (২৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কলেজ শাখা এই বিভাজনের প্রজ্ঞাপন জারি করে। দেশের ৭৪টি কলেজ ‘বি’ ক্যাটাগরিতে, ৪৪৬টি ‘সি’ ক্যাটাগরিতে এবং ১০৭টি ‘ডি’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে। চট্টগ্রামের কলেজও এই তিন ক্যাটাগরিতে যথাক্রমে অন্তর্ভুক্ত হয়েছে।

কেন ক্যাটাগরি করা হলো প্রজ্ঞাপনে সরাসরি কারণ উল্লেখ করা হয়নি, কেবল ‘প্রশাসনিক প্রয়োজনে’ বলেছে মন্ত্রণালয়। তবে দায়িত্বশীল সূত্র জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর গুণগত মানোন্নয়ন ও উৎকর্ষতা নিশ্চিত করতে এবং প্রশাসনিক কাজকে সহজ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ক্যাটাগরির মানদণ্ড অনুযায়ী শিক্ষার্থী ৮ হাজারের বেশি ও অনার্সে ১০টির বেশি বিষয় থাকা কলেজকে এ ক্যাটাগরি, শিক্ষার্থী ৪ থেকে ৮ হাজার এবং অনার্সে ৫টির বেশি বিষয় থাকা কলেজকে বি ক্যাটাগরি, শিক্ষার্থী ৪ হাজারের কম এবং অনার্সে ১ থেকে ৪টি বিষয় রয়েছে এমন কলেজকে সি ক্যাটাগরি এবং শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পর্যায়ের কলেজকে ডি ক্যাটাগরি ভাগ করা হয়েছে। 
চট্টগ্রামের কলেজগুলোর অবস্থান

এ ক্যাটাগরির মধ্যে সারাদেশে ২ নম্বরে রয়েছে চট্টগ্রাম কলেজ, ৫ নম্বরে সরকারি হাজী মুহম্মদ মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ ৩৬ নম্বরে এবং নগরের বাইরে ৬৮ নম্বরে রয়েছে পটিয়া সরকারি কলেজ। 

বি ক্যাটাগরির ৬ নম্বরে অবস্থান চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের। এছাড়াও সাতকানিয়া সরকারি কলেজ ৮ নম্বরে, ১০ নম্বরে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, এবং ৬৬ নম্বরে স্থান পেয়েছে উত্তর চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজ। 

সি ক্যাটাগরির ৩ নম্বরে অবস্থান স্যার আশুতোষ সরকারি কলেজের, ১১ নম্বরে টিচার্স ট্রেনিং কলেজ, ৫৯ নম্বরে গাছবাড়ীয়া সরকারি কলেজ, ৬৮ নম্বরে রয়েছে সন্দ্বীপের সরকারি হাজী আব্দুল বাতেন কলেজ, ১৬৮ নম্বরে রাঙ্গুনিয়া কলেজ, রাউজান সরকারি কলেজ ১৬৯ নম্বরে, নিজামপুর সরকারি কলেজের স্থান ১৭৩ নম্বরে, ২৪০ নম্বরে ফটিকছড়ি সরকারি কলেজ, বাঁশখালী আলাওল ডিগ্রি কলেজ ২৪৩ নম্বরে, আনোয়ারা কলেজ ২৬৮, : 

৩৬২ নম্বরে চুনতি মহিলা (ডিগ্রি) কলেজ,  সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ ৩৬৫ নম্বর, এবং ৩৯৯ নম্বরে সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজ। 

ডি ক্যাটাগরির ৩২ নম্বরে রয়েছে চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং ৪১ নম্বরে বাকলিয়া সরকারি কলেজ। 

এ পদক্ষেপের মাধ্যমে সরকারি কলেজগুলোর শিক্ষার্থীর সংখ্যা, অনার্স কোর্স এবং প্রশাসনিক কাজের সুশৃঙ্খলতা নিশ্চিত করতে চাওয়া হয়েছে। 

শিক্ষা সব খবর