হুলাইন ছালেহ্-নূর ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রামের পটিয়া উপজেলার হুলাইন ছালেহ্-নূর ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) কলেজ মিলনায়তনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ এম. এন. ফখরুদ্দীনের সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের অধ্যাপক কাশফিয়া নওশীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মো. ইসহাক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মুজিবুর রহমান খান। এছাড়া অধ্যাপক-অধ্যাপিকা মণ্ডলী, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন বিএনসিসি ক্যাডেট মোহাম্মদ সায়েম খান। গীতা পাঠ করেন চৈতী চৌধুরী এবং ত্রিপিটক পাঠ করেন প্রিয়া বড়ুয়া। এরপর জাতীয় সংগীত পরিবেশিত হয়।
অনুষ্ঠানসূচি প্রণয়ন করেন অধ্যাপক মোহাম্মদ জুনাইদ, মঞ্চসজ্জায় ছিলেন অধ্যাপক তানিয়া সুলতানা রশীদ এবং আপ্যায়নে দায়িত্ব পালন করেন অধ্যাপিকা এপি সাহা। শৃঙ্খলা রক্ষায় দায়িত্বে ছিলেন অধ্যাপক আলতাফ আজিমের নেতৃত্বাধীন বিএনসিসি ক্যাডেট ও স্কাউট সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ইসহাক চৌধুরী বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সঠিক পরিকল্পনা এবং শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীর ত্রিপক্ষীয় সমন্বয়ই সফলতার মূল চাবিকাঠি।
তিনি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে অভিভাবকদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান এবং ভবিষ্যতে আরও উন্নত একাডেমিক পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত রোডম্যাপ উপস্থাপন করেন অধ্যক্ষ এম. এন. ফখরুদ্দীন। তিনি শিক্ষার্থীদের অগ্রগতি, পাঠদানের মানোন্নয়ন এবং অনিয়মিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস, অনুশীলনী পরীক্ষা, পরামর্শ সেশনসহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন অধ্যক্ষ এম. এন. ফখরুদ্দীন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক আবদুল হান্নান সিকদার, উপাধ্যক্ষ মোহাম্মদ আযম খান এবং শিক্ষক প্রতিনিধি অধ্যাপিকা উম্মে ফাতেমা। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করেন সাজেদুল আলম ও মুনিরা বেগম।
অভিভাবকরা শিক্ষার্থীদের আচরণ, উপস্থিতি, একাডেমিক অগ্রগতি এবং মোবাইল ফোন ব্যবহারের কুফল নিয়ে মতামত দেন। শিক্ষকরা শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে উন্নতির জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠান শেষে অধ্যক্ষ এম. এন. ফখরুদ্দীন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিক্ষা সব খবর















