গাছবাড়িয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়া
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রামের চন্দনাইশ গাছবাড়িয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়া। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে শনিবার (১১ ডিসেম্বর) এই পদায়নের আদেশ জারি করা হয়। তিনি রবিবার (১৪ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়া ১৬তম বিসিএস (শিক্ষা) ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৬৭ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পূর্বগুজরা–ছাদাংগড়খীল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা বিশিষ্ট ব্যবসায়ী অনিল কান্তি বড়ুয়া এবং মাতা জ্যোৎস্নাপ্রভা বড়ুয়া।
তাঁর কর্মজীবন শুরু হয় ১৯৯৬ সালের ১২ আগস্ট লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে। পরবর্তী সময়ে ১৯৯৭ সালে বদলি হয়ে তিনি গাছবাড়িয়া সরকারি কলেজে যোগ দেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি স্যার আশুতোষ সরকারি কলেজ, বোয়ালখালী এবং চট্টগ্রাম সরকারি সিটি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে সাতকানিয়া সরকারি কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করেন। ২০১৯ সালের ২ ডিসেম্বর তিনি গাছবাড়িয়া সরকারি কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন।
উল্লেখ্য, তিনি ২০২১ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১০ আগস্ট পর্যন্ত এবং চলতি বছরের ২ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত গাছবাড়িয়া সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ থাকাকালে ২০২২ সালে তিনি চন্দনাইশ উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন।
প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়া ২০০৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি শিক্ষাবিস্তারে বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
তিনি রাউজান উপজেলার অগ্রসার বালিকা মহাবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি, পূর্বগুজরা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির তিনবারের নির্বাচিত সদস্য এবং অগ্রসার বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়ের দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে বিদ্যুৎসাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণের উদ্দেশ্যে তিনি চীন, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত, ভুটান, নেপাল, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।
শিক্ষা সব খবর















