Cvoice24.com

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত

সিভয়েস২৪ ডেস্ক
১১:১৮, ২৪ ডিসেম্বর ২০২৫
প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করেছে সরকার। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আনুষ্ঠানিক আদেশ জারি করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিকের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বেতন স্কেল–২০১৫ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিদ্যমান বেতন কাঠামো ১০ম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সারা দেশের মোট ৬৫ হাজার ৫০২ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর আওতায় আসবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব প্রধান শিক্ষক এখনও প্রশিক্ষণবিহীন রয়েছেন, তাদেরকে প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক সরকারি আদেশ জারির তারিখ থেকে ১৮ মাসের মধ্যে বাধ্যতামূলকভাবে বেসিক ট্রেনিং ফর প্রাইমারি টিচার্স (বিটিপিটি) প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।

মন্ত্রণালয় জানায়, এই যুগান্তকারী সিদ্ধান্তের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা পূরণ হলো। এতে তাদের আর্থিক নিরাপত্তা যেমন নিশ্চিত হবে, তেমনি সামাজিক মর্যাদাও আরও সুসংহত হবে।

একই সঙ্গে আশা প্রকাশ করা হয়, এই সিদ্ধান্ত প্রধান শিক্ষকদের আরও উৎসাহিত ও উদ্দীপিত করবে, যা প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে দেশের প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা আরও উন্নত ও গতিশীল শিক্ষাব্যবস্থার সুফল পাবে।
 

শিক্ষা সব খবর