হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়া
আন্তর্জাতিক ডেস্ক
নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মধ্যেই হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে ইরান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) থেকে এ মহড়া শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন।
ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, সম্ভাব্য সামরিক ও নিরাপত্তাজনিত হুমকির আগাম প্রস্তুতির অংশ হিসেবে এই মহড়ার আয়োজন করা হয়েছে। কত দিন মহড়া চলবে, তা এখনও জানানো হয়নি। মহড়া চলাকালে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ থাকতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ। জলপথে পরিবাহিত তেলের প্রায় এক-চতুর্থাংশ এবং তরল গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে যায়।
আইআরজিসি প্রধান মোহাম্মদ পাকপৌর মহড়ার তত্ত্বাবধান করছেন। ইরানি সংবাদমাধ্যমের তথ্যে বলা হয়, জরুরি পরিস্থিতিতে দ্রুত পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা যাচাই করতেই এই মহড়া। পারস্য উপসাগরের দক্ষিণে আবু মুসা দ্বীপ ও আশপাশের জলসীমায় মহড়া চলছে। দ্বীপটিতে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন রয়েছে বলে দাবি করেছে ইরানি সূত্র।
দুই দশকের বেশি সময় ধরে পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চলছে। ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর উত্তেজনা বাড়ে, আর ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর তা আরও তীব্র হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর মধ্যেই গত ৬ ফেব্রুয়ারি থেকে মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে। বর্তমানে সেই বৈঠকের দ্বিতীয় পর্ব চলছে।
অন্যদেশ সব খবর














