Cvoice24.com

পুলিশের ওপর হামলার পর গাড়ি ভাঙচুর; গোপন সুড়ঙ্গে পালালেন বগা

সিভয়েস২৪ প্রতিবেদক
১৫:১৪, ৪ সেপ্টেম্বর ২০২৬
পুলিশের ওপর হামলার পর গাড়ি ভাঙচুর; গোপন সুড়ঙ্গে পালালেন বগা

চট্টগ্রাম মহানগরের খুলশীতে শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিমসহ অন্তত ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারীরা পুলিশের সরকারি গাড়িও ভাঙচুর করে। পরে বগার বাসায় তল্লাশি চালিয়ে একটি গোপন সুড়ঙ্গপথের সন্ধান পায় পুলিশ। পুলিশের দাবি, ওই পথ দিয়ে পরিবারের সদস্যদের সহযোগিতায় পালিয়ে যান বগা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে খুলশীর ওয়্যারলেস মোড় ও পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পাহাড়তলী ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমানকে তুলে নিয়ে মারধর এবং অধ্যক্ষকে ভিডিও কলে রেখে নির্যাতনের ঘটনায় করা মামলার ২ নম্বর আসামি ওয়াকিল হোসেন বগা। তাকে গ্রেপ্তারে অভিযান চালালে তার অনুসারীরা সড়কে ব্যারিকেড দেন। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করেন। এ সময় খুলশী থানার ওসির সরকারি গাড়ি ভাঙচুর করা হয়।

হামলায় ওসি মোহাম্মদ আবদুর রহিমসহ অন্তত ছয় পুলিশ সদস্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আত্মরক্ষার্থে তিন থেকে চারটি সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে।

অভিযানকালে ওয়্যারলেস কলোনিতে বগার বাসায় তল্লাশি চালিয়ে একটি গোপন সুড়ঙ্গপথের সন্ধান পায় পুলিশ। পুলিশের দাবি, অভিযানের খবর পেয়ে ওই সুড়ঙ্গপথ দিয়ে আগেই পালিয়ে যান বগা। এ সময় মোবাইল ফোন ও ভিডিও কলের মাধ্যমে পুলিশকে হুমকি দেওয়ার পাশাপাশি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন বলেও পুলিশ জানিয়েছে।

খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম জানান, শিক্ষককে মারধরের মামলা ছাড়াও বগার বিরুদ্ধে অস্ত্র মামলার ওয়ারেন্ট রয়েছে। নিয়মিত মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। আসামিরা পূর্বপরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা চালিয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বগাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়াকিল হোসেন বগা ওয়্যারলেস কলোনির মোহাম্মদ জাবেদের ছেলে। দীর্ঘদিন ধরে খুলশী, পাহাড়তলী ও আকবর শাহ এলাকায় চাঁদাবাজি, মাদক ও দখলবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গত ৮ জুন শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাঁকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়।