সবজিতে স্বস্তি, মাছে অস্বস্তি
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরের বাজারে কয়েক ধরনের সবজির দাম কমলেও মাছের দামে তেমন কোনো পরিবর্তন নেই। বরং ইলিশসহ বেশ কিছু মাছের দাম এখনো চড়া। ফলে সবজি কিনতে গিয়ে কিছুটা স্বস্তি পেলেও মাছের বাজারে গিয়ে সেই স্বস্তি আর থাকছে না ক্রেতাদের।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগরের বহদ্দারহাট, চকবাজার, রিয়াজউদ্দিন বাজার, কাজীর দেউড়িসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে প্রতি কেজি পেঁপে মানভেদে ১০ থেকে ৩৫ টাকা, টমেটো ৯০ থেকে ১২০ টাকা, পটল ৫০ থেকে ৬০, ঢেঁড়শ ৫০ থেকে ৭০, মিষ্টি লাউ ৩০ থেকে ৬০, কাঁকরোল ৫০ থেকে ৭০ এবং চিচিঙ্গা ৪০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ ৫০ থেকে ৬০ এবং গাজর ১০০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
এ ছাড়া কচুর লতি ৭০, আলু ২২ থেকে ৩০, পেঁয়াজ ৩৩ থেকে ৫০, রসুন ৮০ থেকে ১৮০ এবং আদা ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বহদ্দারহাট কাঁচা বাজারের সবজি বিক্রেতা বাদশা বলেন, বাজারে আগের তুলনায় সবজির সরবরাহ বাড়ায় সবজির দাম কিছুটা কমেছে।
মাছের বাজারে অবশ্য স্বস্তি ফেরেনি। চলতি সপ্তাহের বাজারদরে প্রতি কেজি তেলাপিয়া ১৭০ থেকে ২৮০ টাকা, এক কেজি ওজনের ইলিশ ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা এবং মাঝারি আকারের ইলিশ ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
কই মাছ ২৫০ থেকে ৩৫০, রুই-কাতল ৩২০ থেকে ৫৫০, পাবদা ৩৮০ থেকে ৪২০ এবং শিং-টেংরা ৪০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিংড়ি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি।
কার্পজাতীয় মাছ ৩০০ থেকে ৪০০, পাঙাশ ১৮০ থেকে ২২০ এবং মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া রূপচাঁদা ৮০০ থেকে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছ বিক্রেতা কাওসার বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় মাছের দাম এখনো বেশি। ইলিশসহ বড় মাছের ক্ষেত্রে আকার ও মান অনুযায়ী দামে পার্থক্য রয়েছে। সরবরাহ বাড়লে মাছের দামও কিছুটা কমতে পারে। সামনে আশা করছি ইলিশের দাম কমবে।
ক্রেতারা বলছেন, কয়েকটি সবজির দাম কমলেও সামগ্রিক বাজার খরচে বড় কোনো পরিবর্তন আসেনি। মাছসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামের কারণে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর বাজার ব্যয়ের চাপ এখনো রয়ে গেছে।
মুরগির বাজারেও বাড়তি দাম অব্যাহত রয়েছে। বাজার পর্যবেক্ষণে ব্রয়লার মুরগি ১৮০ থেকে ২০০ টাকা এবং সোনালি মুরগি ৩০০ থেকে ৩২০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
এদিকে নতুন করে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ায় ভোক্তাদের ওপর ব্যয়ের চাপ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাছাড়া প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা দরে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















