Cvoice24.com

চন্দনাইশে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫, তিনজনের সাজা

চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪
১৭:০৪, ৪ সেপ্টেম্বর ২০২৬
চন্দনাইশে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫, তিনজনের সাজা

চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনজনিত অপরাধে তিনজন, গ্রেপ্তারি পরোয়ানামূলে একজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে মাদক সেবনজনিত অপরাধে গ্রেপ্তার তিনজনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টা পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে চন্দনাইশের সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের সাজা দেন।

সাজাপ্রাপ্ত তিন মাদকসেবী হলেন— জামিরজুরি আদর্শ গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে মো. রফিক মিয়া, পাঠানদন্ডি বরকল ইউনিয়নের নুরুছাফার ছেলে মো. রফিকুল ইসলাম বাবুল ও কানাইমাদারি পণ্ডিতের বাড়ি এলাকার আব্দুল সালামের ছেলে মো. বেলাল (৩২)। এদের মধ্যে রফিক মিয়াকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, বাবুলকে ৭ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং বেলালকে ১৪ দিনের কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করা হয়।

এদিকে একই সময়ে দোহাজারী তদন্তকেন্দ্রের পুলিশ পৃথক অভিযানে দোহাজারী পৌরসভার দিয়াকুল এলাকার আবুল কালাম প্রকাশ বুগন মিয়ার ছেলে আইয়ুব আলীকে (২২) গ্রেপ্তার করে। ধর্তব্য অপরাধে জড়িত থাকার সন্দেহে তাঁকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৩)-এর ৯(১) ধারায় দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. রিফাত হোসেনকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ। তিনি হাশিমপুর ইউনিয়নের পদ্মা ডেবা, উত্তর হাশিমপুর, পূর্ব ছৈয়দাবাদ এলাকার আব্দুর রহিমের ছেলে।

চন্দনাইশ থানার ওসি এস. এম. দিদারুল ইসলাম সিকদার বলেন, গ্রেপ্তার হওয়া সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে যথাযথ পুলিশ প্রহরায় তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।