তরুণদের সামাজিক কাজে যুক্ত করলে মাদক-সন্ত্রাস কমবে: শাহজাহান চৌধুরী
সাতকানিয়া প্রতিনিধি, সিভয়েস২৪
তরুণ প্রজন্মকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা দূর করার পাশাপাশি মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সাতকানিয়া উপজেলা অডিটোরিয়ামে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন, সুন্দর ও মানবিক সমাজ গঠনে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। দল-মত ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনগুলোর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে সাতকানিয়াকে সুন্দর, মানবিক ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
সভায় সামাজিক সংগঠনগুলোর বিভিন্ন কার্যক্রম, সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি তরুণদের নেতৃত্বে সমাজসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. অমিত কুমার দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন ও আমান উল্লাহ আমানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে অংশগ্রহণকারী সামাজিক সংগঠনগুলোর মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














