হাটহাজারীতে জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণ পূজা ও শোভাযাত্রা
হাটহাজারী প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের হাটহাজারীতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে শ্রীকৃষ্ণ পূজা, আলোচনা সভা ও বর্ণাঢ্য মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) হাটহাজারী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম প্রাঙ্গণে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ–বাংলাদেশের হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সভাপতি টিটু তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কৃষ্ণ প্রসাদ নাথ ও যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্র আচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী পুণ্ডরীক ধামের অধ্যক্ষ শ্রীপাদ শ্রীধর চৈতন্য দাস ব্রহ্মচারী।
প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান। উদ্বোধক ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ–বাংলাদেশের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি লায়ন অশোক কুমার নাথ।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. শিপক কৃষ্ণ দেবনাথ, উপজেলা শাখার প্রধান উপদেষ্টা লিটন মহাজন, প্রধান পৃষ্ঠপোষক আশীষ দে, উপদেষ্টা পরিমল কান্তি নাথ, তপন তালুকদার, অধ্যাপক সুব্রত কুমার নাথ, ডা. অসীম দাশগুপ্তসহ সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন সংগঠনের কর্মকর্তা অভি পাল। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রাটি হাটহাজারীর মূল সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














