চন্দনাইশে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯
চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের চন্দনাইশে বিশেষ অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক সেবন করে জনসাধারণের মধ্যে বিঘ্ন সৃষ্টির অভিযোগে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা থেকে শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টা পর্যন্ত থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, বান্দরবান সদর থানার একটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত মো. ইদ্রিস মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া চন্দনাইশ থানার পৃথক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ফারুক ও মো. লোকমানকে গ্রেপ্তার করা হয়।
একই সঙ্গে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
তারা হলেন—২০০ টাকা জরিমানাসহ এক মাসের কারাদণ্ডপ্রাপ্ত চন্দনাইশ পৌরসভার পূর্ব জোয়ারা, ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল আজিজের ছেলে মো. জিয়াউল হক (২৮), একই দণ্ডে দণ্ডিত একই এলাকার মৃত জামাল সওদাগরের ছেলে মো. সোহেল (৪৮), ২০০ টাকা জরিমানাসহ ৪৫ দিনের কারাদণ্ডপ্রাপ্ত উত্তর জোয়ারা নগরপাড়ার আবুল হোসেনের ছেলে মারজান উদ্দীন (২৫), ২০০ টাকা জরিমানাসহ তিন মাসের কারাদণ্ডপ্রাপ্ত বরকল সর্দ্দারপাড়ার শহিদের ছেলে আসিফুর রহমান (১৯), ২০০ টাকা জরিমানাসহ ৩০ দিনের কারাদণ্ডপ্রাপ্ত চন্দনাইশ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চৌধুরী মার্কেট এলাকার রহমত আলীর ছেলে মো. রিফাত (২৮) এবং ২০০ টাকা জরিমানাসহ তিন মাসের কারাদণ্ডপ্রাপ্ত বরকল, ২ নম্বর ওয়ার্ডের গাজী বাড়ীর মো. সাইফুদ্দিনের ছেলে মো. সাকিব (২২)।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















