আমবাগানে হিজড়া গুরুমার রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরের খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই ধারণা করছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নিজ বাসার শয়নকক্ষ থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, মৌসুমী চট্টগ্রামে বসবাসরত হিজড়া সম্প্রদায়ের একটি গ্রুপের কাছে গুরুমা হিসেবে পরিচিত ছিলেন এবং বাসায় একাই থাকতেন।
খুলশী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম জানান, শনিবার সকালে প্রতিবেশীরা মৌসুমীর বাসার দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করেন। এরপর শয়নকক্ষে বিছানার ওপর উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় তার মরদেহ দেখতে পান তারা। মরদেহের মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল এবং গলায় গুরুতর জখমের চিহ্ন পাওয়া যায়।
এসআই গোলাম মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















