Cvoice24.com

বকেয়া বেতনের দাবিতে প্রেসক্লাবে শ্রমিকদের মানববন্ধন

সিভয়েস২৪ প্রতিবেদক
১৫:২২, ৮ সেপ্টেম্বর ২০২৬
বকেয়া বেতনের দাবিতে প্রেসক্লাবে শ্রমিকদের মানববন্ধন

বকেয়া বেতন পরিশোধসহ তিন দফা দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করেছেন মডিস্ট ইপিজেড লিমিটেডের শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৬০০ থেকে ৬৫০ জন শ্রমিক অংশ নেন।

মানববন্ধনে শ্রমিকদের পক্ষ থেকে জুলাই ও আগস্ট মাসের বকেয়া বেতন দ্রুত পরিশোধ, কারখানার আর্থিক কার্যক্রম তদন্ত এবং প্রয়োজনে কারখানা নিলামের মাধ্যমে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি জানানো হয়।

আন্দোলনকারীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন করা না হলে আগামী ১৩ সেপ্টেম্বর চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) বেপজা কার্যালয়ের সামনে আমৃত্যু অনশন কর্মসূচি পালন করা হবে।

মানববন্ধনে সমন্বয়কারী মো. এরশাদ হোসেন ছাড়াও মো. সাজু মিয়া, মো. ফয়সাল হোসেন, শাহিনুর বেগম ও সেলিনা আক্তারসহ কারখানাটির বিভিন্ন পর্যায়ের শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মসূচি শেষে শ্রমিকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় আন্দোলনকারীদের কয়েকজন প্রতিনিধি জেলা প্রশাসকের কাছেও স্মারকলিপি দিতে যান।