Cvoice24.com

সাতকানিয়ায় তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

সাতকানিয়া প্রতিনিধি
২০:১৭, ৮ সেপ্টেম্বর ২০২৬
সাতকানিয়ায় তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

সাতকানিয়ায় এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণীর নাম পায়েল মজুমদার (১৮)।  পায়েল ওই এলাকার ঈশ্বরের টেক মজুমদার বাড়ির দুলাল মজুমদারের মেয়ে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মজুমদার পাড়ায় এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, রাতে পায়েল শোবার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। তাকে সকালে ঘুম থেকে জাগাতে গেলে  পায়েলকে নিজ শোবার ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে তার বাবা উদ্ধার করে কেরানীহাটের আশশেফা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, পায়েল মানসিকভাবে অসুস্থ ছিলেন। স্থানীয়রা জানান, ঘরের কাজকর্ম নিয়ে ভুল হলে প্রায়ই তাঁকে মায়ের বকাঝকা শুনতে হতো। ঘটনার দিন সকালেও হাঁড়ি-পাতিল মাজা নিয়ে মায়ের সঙ্গে তাঁর বকাঝকা হয়। এরপর অভিমান করে পায়েল আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন স্বজনেরা। তবে এটি আত্মহত্যা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, তরুণীর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।