দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা
চাক্তাইয়ে নিবন্ধনহীন সার মজুত-বিক্রি, মালিকের কারাদণ্ড
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম নগরের চাক্তাইয়ে নিবন্ধন ছাড়াই সার মজুত ও বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে ফারাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ ফারুখকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বাকলিয়া থানার চাক্তাই এলাকায় এ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলা প্রশাসন। অভিযানে প্রতিষ্ঠান দুটির আটটি গুদাম থেকে ১ হাজার ৯০০ বস্তা সার জব্দ করা হয়।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দার তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব উল আলম। অভিযানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার এবং বাকলিয়া থানা পুলিশের একটি টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিবন্ধন ছাড়া সার সংরক্ষণ ও বিপণনের দায়ে ফারাহ এন্টারপ্রাইজকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ ফারুখকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে ফারাহ এন্টারপ্রাইজের ছয়টি গুদাম থেকে ১ হাজার বস্তা টিএসপি ও ৫০০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।
এছাড়া একই অপরাধে শাহ আলম সওদাগর এন্টারপ্রাইজকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির দুটি গুদাম থেকে ১০০ বস্তা এমওপি ও ৩০০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।
জব্দ করা সার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম নগরের জিম্মায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















