রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা সদস্য নিহত, গ্রেপ্তার ২
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির (আরসা) এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তবে তদন্তের স্বার্থে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে ক্যাম্প-৮ ওয়েস্টে এ ঘটনা ঘটে।
নিহত মো. জুবায়ের (৩৪) রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ-২৯ ব্লকের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে।
রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে কুতুপালং মধুরছড়া ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ-২৯ ব্লকে নিজ বসতঘর থেকে মসজিদের দিকে যাওয়ার সময় ইব্রাহিম নামে এক ব্যক্তির ঘরের সামনে পৌঁছালে অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী জুবায়েরকে লক্ষ্য করে অন্তত পাঁচ রাউন্ড গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ জুবায়েরকে উদ্ধার করে ক্যাম্প-৮ ওয়েস্টে অবস্থিত চিকিৎসাকেন্দ্রে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়।। মামলার তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় পরে জানানো হবে।
অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমিন বলেন, প্রাথমিকভাবে পাওয়া গোপন তথ্য অনুযায়ী, আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) অভ্যন্তরীণ বিরোধ ও বিভক্তির জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ঘটনার সময় ভোররাতে ওই স্থানে নিহতের উপস্থিতিও সন্দেহজনক বলে প্রতীয়মান হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এপিবিএনের এ কর্মকর্তা।
কক্সবাজার সব খবর















