আসছে বন্দরের কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত!
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম বন্দরের চলমান অচলাবস্থার মধ্যে অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্তের পথে এগোচ্ছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। সরকারের শীর্ষ পর্যায়ের সাম্প্রতিক বক্তব্য ও সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংগঠনটি এ সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে বলে জানা যায়।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর জানান, নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বর্তমান সরকারের আমলে কোনো চুক্তি হচ্ছে না বলে বক্তব্য দিয়েছেন বিডার চেয়ারম্যান। এছাড়া নৌ পরিবহন উপদেষ্টার ব্যাখ্যা পরিষদের কাছে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে। এসব বিষয় পর্যালোচনা করেই কর্মসূচি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘সরকারের অবস্থান এবং সাম্প্রতিক অগ্রগতির পরিপ্রেক্ষিতে আমরা দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে চাই। বন্দরের স্বাভাবিক কার্যক্রম, শ্রমিক-কর্মচারীদের স্বার্থ এবং জাতীয় অর্থনীতির বিষয়টি মাথায় রেখেই কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে আলোচনা চলছে।’
সংগ্রাম পরিষদ সূত্র জানায়, বৈঠকে নেতাদের মধ্যে কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে ইতিবাচক মত তৈরি হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
উল্লেখ্য, এনসিটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধসহ চার দাবিতে চট্টগ্রাম বন্দরে একাধিক ধাপে কর্মবিরতি ও অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করে আসছিল বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এতে দেশের প্রধান সমুদ্রবন্দরের কার্যক্রম ব্যাহত হয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের চাপ সৃষ্টি হয়।
অর্থ-বাণিজ্য সব খবর















