জেসিআই-সেভর ইন্টারন্যাশনালের সমঝোতা স্মারক
সিভয়েস২৪ ডেস্ক
জেসিআই বাংলাদেশ ও সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘নলেজ পার্টনারশিপ’-এ আবদ্ধ হয়েছে। এ চুক্তির ফলে চলতি বছর সেভর ইন্টারন্যাশনালের আয়োজনে অনুষ্ঠিতব্য দেশের শীর্ষস্থানীয় বাণিজ্য প্রদর্শনীগুলোতে পেশাদার জ্ঞান বিনিময়, শিল্পখাতভিত্তিক সংলাপ এবং ব্যবসায়িক নেটওয়ার্কিং আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
সমঝোতা অনুযায়ী, জেসিআই বাংলাদেশ সেইফকন ২০২৬, সেইফ এইচভিএসি-আর অ্যান্ড কোল্ড চেইন ২০২৬, বিমক্স ২০২৬, বিমেক্স ২০২৬, বিইভিএমএক্স ২০২৬ এবং বিসিজিটিএক্স ২০২৬ প্রদর্শনীর নলেজ পার্টনার হিসেবে দায়িত্ব পালন করবে। পরিকল্পিত নলেজ সেশন, বিশেষজ্ঞদের অংশগ্রহণে আলোচনা, নেতৃত্ব পর্যায়ের সম্পৃক্ততা এবং পেশাগত উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে প্রদর্শনীগুলোর মানোন্নয়নই এ অংশীদারিত্বের মূল লক্ষ্য।
রাজধানীতে আয়োজিত স্বাক্ষর অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ ও ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট শান শাহেদ উপস্থিত ছিলেন। সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর মো. ফয়জুল আলম ও ডেপুটি জেনারেল ম্যানেজার রিজভী করিম অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ অংশীদারিত্ব প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান, পেশাজীবী ও সংশ্লিষ্ট শিল্পখাতের অংশীজনদের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং জ্ঞানভিত্তিক উন্নয়ন ত্বরান্বিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
অর্থ-বাণিজ্য সব খবর















