Cvoice24.com

এনসিটি ইজারা ইস্যু
চট্টগ্রাম বন্দর আন্দোলনের নেতা ইব্রাহীম খোকন গ্রেপ্তার

সিভয়েস২৪ প্রতিবেদক
০১:১২, ১০ ফেব্রুয়ারি ২০২৬
চট্টগ্রাম বন্দর আন্দোলনের নেতা ইব্রাহীম খোকন গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা ইস্যুতে চলমান আন্দোলনের নেতা এবং চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহীম খোকনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তিনি বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর এলাকা থেকে র‍্যাব তাকে আটক করে বন্দর থানায় সোপর্দ করে।

এনসিটি ইজারা ইস্যুতে গত ৩১ জানুয়ারি থেকে চট্টগ্রাম বন্দরে ধর্মঘট শুরু করে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। পরবর্তীতে এ কর্মসূচি বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে পরিচালিত হয়। আন্দোলনের নেতৃত্বে ছিলেন ইব্রাহীম খোকন।

ইব্রাহীম খোকনকে আটকের প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, প্রশাসন শান্তিপূর্ণ সমাধানের পথ পরিহার করে শ্রমিকদের বারবার সংঘাতমুখী পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। রবিবার বন্দরের পাঁচজন শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে এবং সোমবার ইব্রাহীম খোকনকে আটক করা হয়েছে। এতে পরিকল্পিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করার উসকানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়।

এদিকে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, বিশেষ ক্ষমতা আইনে ৮ ফেব্রুয়ারি দায়ের করা একটি মামলায় ইব্রাহীম খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।