Cvoice24.com

এলপিজির দাম ১২ কেজিতে কমল ১৫ টাকা

সিভয়েস২৪ ডেস্ক
১৯:৫৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
এলপিজির দাম ১২ কেজিতে কমল ১৫ টাকা

ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিতে শুল্ক কমানোর প্রভাবে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমানো হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্যহার ঘোষণা করে। জানানো হয়, সোমবার সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বিইআরসি জানায়, এখন থেকে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১১১ টাকা ৭৯ পয়সা। সে অনুযায়ী বহুল ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৪১ টাকা, যা আগের নির্ধারিত দামের চেয়ে ১৫ টাকা কম।

এর আগে ফেব্রুয়ারি মাসের শুরুতে প্রতি কেজিতে ৪ টাকা ২১ পয়সা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে ৮২৫ টাকা রাখা হয়েছে। অন্যদিকে গাড়িতে ব্যবহৃত এলপিজি (অটো গ্যাস) প্রতি লিটার ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।

তবে বাজারে নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হওয়ার অভিযোগ রয়েছে। গত দুই মাসের বেশি সময় ধরে সরবরাহ–সংকটের কারণে প্রতি সিলিন্ডারে ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত নেওয়া হচ্ছে বলে ভোক্তাদের অভিযোগ।

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল থেকে প্রতি মাসে এলপিজির মূল্য নির্ধারণ করে আসছে বিইআরসি।

অর্থ-বাণিজ্য সব খবর