Cvoice24.com

শাহ আমানতে তিন যাত্রীর ব্যাগেজে বিপুল সিগারেট ও নিষিদ্ধ ক্রিম 

সিভয়েস২৪ প্রতিবেদক
১৯:৪৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
শাহ আমানতে তিন যাত্রীর ব্যাগেজে বিপুল সিগারেট ও নিষিদ্ধ ক্রিম 

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে আবুধাবি থেকে আসা তিন যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিমানবন্দর এনএসআই, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখার যৌথ অভিযানে রবিবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৫৫ মিনিটে আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস-৩৫০–এর তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করা হয়। 

তল্লাশিতে মোট ৯১০ কার্টন সিগারেট ও ৪২৮টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম উদ্ধার করা হয়।

জব্ধ করা পণ্যের সঙ্গে জড়িত তিন যাত্রী হলেন— ফটিকছড়ির মোহাম্মদ সোহেল, চকরিয়ার মোহাম্মদ উল্যাহ ও মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

কাস্টমস সূত্র জানায়, উদ্ধার হওয়া ৯১০ কার্টন সিগারেটের রাজস্বমূল্য ১৮ লাখ ২০ হাজার টাকা। সিগারেটের চালান ডিএম মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘আমদানি নিষিদ্ধ পণ্য প্রবেশ ও সরকারি রাজস্ব ফাঁকি রোধে সিগারেট ও ক্রিমগুলো জব্দ করা হয়েছে। আটক তিন যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।’