দূরত্ব ভুলিয়ে জন্মদিনে ওমর সানিকে মৌসুমীর আবেগঘন শুভেচ্ছা
বিনোদন ডেস্ক
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। আর দেশে রয়েছেন তার স্বামী ওমর সানি। ভৌগোলিক দূরত্ব থাকা সত্ত্বেও তাদের সম্পর্কের উষ্ণতায় কোনো ভাটা পড়েনি।
স্বামীর ৫৫তম জন্মদিনে মৌসুমীর পাঠানো একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওতে তাকে একটি কেক সামনে রেখে ওমর সানির জন্য ‘হ্যাপি বার্থডে’ গান গাইতে দেখা যায়।
ভিডিও বার্তায় মৌসুমী বলেন, ‘শুভ জন্মদিন সানি, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আমি উইশ করি তুমি আমাদের মাঝে, আমার জীবনের বটগাছ হয়ে সবসময় থাকো।’
তিনি আরও কৃতজ্ঞতা জানান ওমর সানির মায়ের প্রতি, যিনি এমন একজন মানুষকে পৃথিবীতে এনেছেন।
মৌসুমী আবেগঘন কণ্ঠে বলেন, ‘বারবার তোমাকে এভাবেই আমার পাশে চাই, সবসময়ের জন্য। লাভ ইউ!’
স্ত্রীর এই ভিডিও বার্তার জবাবে ওমর সানি সামাজিক যোগাযোগমাধ্যমে তা শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘ধন্যবাদ প্রিয়দর্শিনী তোমার জন্য দোয়া।’
তাদের এই পারস্পরিক ভালোবাসা ও আবেগঘন মুহূর্ত ভক্তদের মনে করিয়ে দিয়েছে কেন এই জুটিকে ঢালিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ বলা হয়।
নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক ওমর সানি ১৯৯০ সালে ‘উছিলা’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। পরে ‘এই নিয়ে সংসার’ ও ‘চাঁদের আলো’ সিনেমার মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। ক্যারিয়ারে তিনি রোমান্টিক হিরো ছাড়াও অ্যাকশন ও খল চরিত্রেও অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘প্রেম প্রতিশোধ’, ‘মহৎ’, ‘দোলা’ ও ‘আত্মঅহংকার’।
ওমর সানি ও মৌসুমীর পর্দার রসায়ন শুরু হয় ১৯৯৪ সালে ‘দোলা’ চলচ্চিত্রের মাধ্যমে। প্রথম ছবিতেই দর্শকের মন জয় করার পর তারা একসঙ্গে ‘আত্মঅহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’ ও ‘হারানো প্রেম’সহ বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দেন।
কাজের সূত্র ধরেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং ১৯৯৫ সালের ২ আগস্ট তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রায় ২৯ বছরের এই দাম্পত্য জীবনে তারা ঢালিউডের সফল ও স্থায়ী জুটিগুলোর একটি হিসেবে পরিচিত।
বর্তমানে অভিনয়ে তুলনামূলকভাবে কম সক্রিয় থাকলেও ওমর সানি ব্যবসা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে তার রেস্টুরেন্ট ব্যবসা এবং বিভিন্ন টেলিভিশন টকশোতে অংশ নিতে দেখা যায় তাকে। বড় পর্দায় ভালো চিত্রনাট্য ও চরিত্র পেলে কাজ করার আগ্রহও রয়েছে তার।
বিনোদন সব খবর















