‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর লড়াইয়ে দেশ ছাড়ছেন সামানজার
বিনোদন ডেস্ক
বিশ্বসুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ভিয়েতনামের উদ্দেশে রওনা হচ্ছেন সামানজার সাঈদ। শনিবার (৮ আগস্ট) ঢাকা ছাড়বেন তিনি। আর রোববার (৯ আগস্ট) ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে শুরু হবে বিশ্বসুন্দরীদের এই মর্যাদাপূর্ণ আয়োজন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর বনানীতে আয়োজক প্রতিষ্ঠান আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের প্রস্তুতি, স্বপ্ন ও প্রত্যাশার কথা তুলে ধরেন সামানজার।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগ থেকে স্নাতক শেষ করা সামানজার জানান, কৌতূহল থেকেই তিনি ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। প্রথমবার অংশ নিয়েই বিজয়ীর মুকুট জেতার অভিজ্ঞতা ছিল তার জন্য অবিশ্বাস্য।
বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সবচেয়ে বড় লক্ষ্য হলো আত্মবিশ্বাসের সঙ্গে মঞ্চে দাঁড়ানো। এতদিনের শেখা, অভিজ্ঞতা ও দক্ষতাকে বিশ্বের সামনে তুলে ধরতে চাই। বাংলাদেশের প্রতিনিধিত্ব করাই আমার কাছে সবচেয়ে বড় গর্ব।’
তিনি জানান, জাতীয় পর্যায়ে বিজয়ী হওয়ার পর থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য ব্যক্তিত্ব বিকাশ, পাবলিক স্পিকিং, উপস্থাপনা ও স্টেজ পারফরম্যান্স নিয়ে নিবিড় প্রশিক্ষণ নিয়েছেন। এসব প্রস্তুতি তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে।
শুধু সৌন্দর্য নয়, নাচ, গান ও খেলাধুলাতেও রয়েছে সামানজারের আগ্রহ। ছোটবেলা থেকে চার বছর কথক ও ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ নিয়েছেন তিনি। তবে উচ্চশিক্ষার ব্যস্ততায় একসময় সৃজনশীল কর্মকাণ্ড থেকে কিছুটা দূরে সরে যেতে হয়েছিল। এখন আবার সেই আগ্রহগুলোয় ফিরে যেতে চান তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সামানজার বলেন, ভালো গল্প ও শক্তিশালী চরিত্র পেলে অভিনয়েও কাজ করার আগ্রহ রয়েছে তার।
গত ১১ জুলাই অনুষ্ঠিত ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে বিজয়ী হিসেবে সামানজারের নাম ঘোষণা করা হয়। বিদায়ী ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৫’ আকলিমা আতিকা কনিকার কাছ থেকে তিনি বিজয়ীর মুকুট গ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন স্বাগতা সাহা এবং দ্বিতীয় রানারআপ হন লাবিবা মনজুর।
এবারের ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর ভিয়েতনামের হো চি মিন সিটিতে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনাই এখন সামানজার সাঈদের সবচেয়ে বড় লক্ষ্য।
বিনোদন সব খবর















