Cvoice24.com

বেলুচিস্তানে একাধিক হামলায় ৮০ পাকিস্তানি সেনা নিহত

সিভয়েস২৪ ডেস্ক
১৫:০০, ১ ফেব্রুয়ারি ২০২৬
বেলুচিস্তানে একাধিক হামলায় ৮০ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানের কোয়েটাসহ বেলুচিস্তানের অন্তত ১২টি শহরে একাধিক হামলা চালিয়েছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। এসব হামলায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অন্তত ৮০ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির গোয়েন্দা সংস্থা ও সন্ত্রাসীবিরোধী বাহিনীর সদস্য রয়েছেন। খবর এনডিটিভির।

শনিবার (৩১ জানুয়ারি) বিএলএ এক বিবৃতিতে দাবি করেছে, তাদের যোদ্ধারা বেলুচিস্তানের একাধিক শহরে ‘অপারেশন হিরোফ ফেজ টু’ নামে সিরিজ হামলা চালিয়েছে। তাদের দাবি, এই অভিযান চলাকালীন ইসলামাবাদ ও স্থানীয় প্রশাসনিক ভবনগুলো লক্ষ্যবস্তু হয়েছে।

বিএলএ’র মুখপাত্র জিয়ান্দ বেলুচ জানিয়েছেন, কোয়েটা, নশকি, মাসতুং, দালবানদিন, কালাত, খারান, পাঞ্চগুর, গোয়াদার, পানসি, তুরবাত, তুম্ব, বুলেদা, ম্যাঙ্গোচর, লাসবেলা, কেচ ও আওরানে হামলা চালানো হয়েছে। তারা জানিয়েছে, হামলায় নিজেদের সাত যোদ্ধা নিহত হয়েছে।

তবে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, বেলুচিস্তানে ভারত সমর্থিত ৯২ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এ ছাড়াও ১৫ সেনা ও ১৮ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে।

বেলুচিস্তান উত্তাল অবস্থায় রয়েছে, হামলার পরে বেশ কয়েকটি অঞ্চলে পাক বাহিনীর চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হামলার তীব্রতা স্পষ্টভাবে ধরা পড়েছে।