Cvoice24.com

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩১ 

আন্তর্জাতিক ডেস্ক
১৯:০১, ৬ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩১ 

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের টারলাই এলাকায় অবস্থিত শিয়া মসজিদ ইমামবর্গাহ খাদিজাতুল কুবরায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৬০ এর বেশি আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পুলিশ সূত্র জানিয়েছে, হামলাকারীর সঙ্গে পাকিস্তানের নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সংস্থার সম্পর্ক থাকতে পারে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীকে মসজিদের প্রবেশদ্বারে নিরাপত্তা প্রহরীরা আটকালে বন্দুকযুদ্ধ শুরু হয়। পরে হামলাকারী মসজিদের ভেতরে প্রবেশ করে নামাজ চলাকালীন নিজের বোমা বিস্ফোরণ ঘটান।

বিস্ফোরণে তিনতলা মসজিদের জানালা ভেঙে যায় এবং আশপাশের বাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়। কিছু নিরাপত্তা প্রহরীও আহত হন।

ঘটনার পর উদ্ধারকারী দল, পুলিশ, সেনাবাহিনী ও প্যারামিলিটার রেঞ্জারস ঘটনাস্থল ঘিরে রাখে এবং মৃত ও আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়। ইসলামাবাদে অবস্থিত পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (PIMS) আহতদের চিকিৎসা দিতে অতিরিক্ত চাপের মুখে পড়লে কিছু রোগী ইসলামাবাদ ও পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডির অন্য হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়।

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হামলার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। 

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। 

এর আগেও পাকিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে ধর্মীয় সংখ্যালঘু ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ২০২৫ সালের নভেম্বরে ইসলামাবাদ ডিস্ট্রিক জুডিশিয়াল কমপ্লেক্সে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত। ২০০৮ সালে ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলের সামনে ময়লার ট্রাকে বিস্ফোরণে ৬৩ জন নিহত ও ২৫০ জনেরও বেশি আহত হয়।

এই হামলা দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।