Cvoice24.com

অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক কমলো ভারতীয় পণ্যে, ফের ঘনিষ্ঠ মোদি–ট্রাম্প সম্পর্ক

আন্তর্জাতিক ডেস্ক
১১:৩৭, ৭ ফেব্রুয়ারি ২০২৬
অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক কমলো ভারতীয় পণ্যে, ফের ঘনিষ্ঠ মোদি–ট্রাম্প সম্পর্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক নতুন নয়। তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শুল্ক ইস্যুতে দুই নেতার বন্ধুত্বে কিছুটা টানাপড়েন দেখা দিয়েছিল। অবশেষে সেই দূরত্ব কাটিয়ে সম্পর্ক আবারও উষ্ণ হতে চলেছে।

বার্তাসংস্থা এএফপি জানায়, রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির কারণে ভারতীয় পণ্যের ওপর আরোপ করা অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে ঘোষিত ভারত–যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি কার্যকর করার লক্ষ্যে শুক্রবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ট্রাম্পের সই করা এক নির্বাহী আদেশে বলা হয়েছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে ভারত। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কাছ থেকে জ্বালানি পণ্য কেনার বিষয়েও সম্মত হয়েছে দিল্লি।

নির্বাহী আদেশে আরও উল্লেখ করা হয়, আগামী ১০ বছরের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে একটি রূপরেখা তৈরির প্রতিশ্রুতিও দিয়েছে ভারত।

দেশটির স্থানীয় সময় শনিবার রাত ১২টা ১ মিনিট (ইস্টার্ন টাইম) থেকে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর হবে।

এর আগে বাণিজ্য চুক্তি ঘোষণার কয়েক দিনের মধ্যেই এই নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। নতুন চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর পাল্টা শুল্কের হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনবে। তবে এই শুল্ক হ্রাস ধাপে ধাপে কার্যকর করা হবে।

বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত ট্রাম্প ও মোদির ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করল। বিভিন্ন সময়ে ট্রাম্প মোদিকে তাঁর ‘অন্যতম ঘনিষ্ঠ বন্ধু’ বলে উল্লেখ করেছেন।