কানাডায় স্কুলে বন্দুক হামলায় নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
কানাডার পশ্চিমাঞ্চলীয় রাজ্য ব্রিটিশ কলাম্বিয়ার একটি হাইস্কুল ও নিকটবর্তী আবাসনে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে।
রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানায়, হামলার পর ঘটনাস্থল থেকে ৬ জনকে নিহত এবং প্রায় ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও চার জনের মৃত্যু হয়। গুরুতর আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
হামলাকারীকেও ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলার পর তিনি নিজেই আত্মহত্যা করেছেন। তবে হামলার উদ্দেশ্য ও পেছনের কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। হামলাকারীর নাম-পরিচয়ও গোপন রাখা হয়েছে।
এদিকে স্কুলটির নিকটবর্তী একটি বাড়ি থেকে আরও দুই জনের মরদেহ উদ্ধার করেছে আরসিএমপি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এই নিহতরা হামলার সঙ্গে সংশ্লিষ্ট হতে পারেন। আরও কোনো হতাহত রয়েছে কি না তা নিশ্চিত হতে আশপাশের আবাসিক এলাকাগুলোতে তল্লাশি চালানো হয়েছে।
ঘটনার পর স্কুল ও সংলগ্ন এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে সেই সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।
সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ১৭৫ শিক্ষার্থী অধ্যয়নরত টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে হামলার ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্মরণ এবং শিক্ষার্থীদের মানসিক সহায়তার লক্ষ্যে এক সপ্তাহের জন্য স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
অন্যদেশ সব খবর














