কাপ্তাই সুরের ধারার প্রথম সঙ্গীতবিষয়ক বার্ষিক মূল্যায়ন পরীক্ষা
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি, সিভয়েস২৪
রাঙামাটির কাপ্তাইয়ে সাংস্কৃতিক সংগঠন কাপ্তাই সুরের ধারার শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৫ জুন) কাপ্তাইয়ের বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ধ্রুব পরিষদ বাংলাদেশের অধীনে স্বীকৃত কেন্দ্র হিসেবে কাপ্তাই সুরের ধারার প্রথম সঙ্গীত বিষয়ক মূল্যায়ন পরীক্ষা এটি।
পরীক্ষা শুরুর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই সুরের ধারার সভাপতি প্রদীপ মল্লিক এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক খোদেজা আক্তার ভাষা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ, ধ্রুব পরিষদ বাংলাদেশের পরীক্ষক ডা. উজ্জ্বল চক্রবর্তী, সঙ্গীত প্রশিক্ষক তপন কান্তি দাশ, প্রকৌশলী রিমন সাহা, আবৃত্তি প্রশিক্ষক অদিতি সাহা, কাপ্তাই সুরের ধারার যুগ্ম সম্পাদক অর্ণব মল্লিক, সাংগঠনিক সম্পাদক স্বপ্না মারমা, অর্থ সম্পাদক জ্যাকলিন তঞ্চঙ্গা এবং সহ-অর্থ সম্পাদক সুমনা তঞ্চঙ্গাসহ অন্যান্যরা।
আয়োজক সূত্রে জানা যায়, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও তবলা বিষয়ে আয়োজিত এ মূল্যায়ন পরীক্ষায় শতাধিক পরীক্ষার্থী অংশ নেয়।
প্রথমবারের মতো কাপ্তাই সুরের ধারার উদ্যোগে সঙ্গীত বিষয়ক এমন মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিশু-কিশোরদের সাংস্কৃতিক চর্চা আরও বিকশিত হবে এবং শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে।
সাহিত্য-সংস্কৃতি সব খবর















