Cvoice24.com

চট্টগ্রামের তিনজনসহ বাংলা একাডেমি পুরষ্কারের মনোনীত ৯

সিভয়েস২৪ প্রতিবেদক
১৮:০৮, ১৮ ডিসেম্বর ২০২৫
চট্টগ্রামের তিনজনসহ বাংলা একাডেমি পুরষ্কারের মনোনীত ৯

চট্টগ্রামের হাফিজ রশিদ খান, মনসুর মুসা ও সুব্রত বড়ুয়াসহ দেশের নয়জন সাহিত্যিক ও গবেষক বাংলা একাডেমি পরিচালিত বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনীতদের নাম প্রকাশ করে। আগামী ২৭ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৮তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এসব পুরস্কার প্রদান করা হবে।

জানা যায়, প্রবন্ধসাহিত্যে অবদানের জন্য অধ্যাপক মনসুর মুসা পাচ্ছেন ‘মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার’। ভাষাভিত্তিক গবেষণায় তার অবদানকে মূল্যায়ন করা হয়েছে। প্রকৃতি ও বিজ্ঞানচর্চায় সামগ্রিক অবদানের স্বীকৃতি হিসেবে ‘মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার’ পাচ্ছেন খসরু চৌধুরী। কবিতায় অবদানের জন্য ‘মযহারুল ইসলাম কবিতা পুরস্কার’ দেওয়া হচ্ছে সানাউল হক খানকে। নৃ-গোষ্ঠীর জীবন ও সাহিত্য বিষয়ে গবেষণার জন্য ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন হাফিজ রশিদ খান। অভিনয়, নাট্য নির্দেশনা ও সংগঠক হিসেবে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার’ পাচ্ছেন তারিক আনাম খান। এবং অনুবাদ সাহিত্যে বিশেষ অবদানের জন্য ‘আবু রুশদ সাহিত্য পুরস্কার’ দেওয়া হচ্ছে শিবব্রত বর্মনকে। এই ছয়টি পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা করে।

এছাড়া ‘গণিতের রাজ্যে আনন্দভ্রমণ’ গ্রন্থের জন্য ‘হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার’ পাচ্ছেন সফিক ইসলাম। এই পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা। কথাসাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার’ পাচ্ছেন সুব্রত বড়ুয়া। এ পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা।

আরও জানা যায়, অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৪ সালে প্রকাশিত ‘সিসিফাস শ্রম’ গল্পগ্রন্থের জন্য একই পুরস্কার পাচ্ছেন আনিসুর রহমান। এই পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।