Cvoice24.com

শিল্পকলা একাডেমির সব কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সিভয়েস২৪ ডেস্ক
১৩:১২, ২০ ডিসেম্বর ২০২৫
শিল্পকলা একাডেমির সব কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব ধরনের অনুষ্ঠান ও প্রদর্শনী অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন এবং অনিবার্য কারণের কথা উল্লেখ করে এ সিদ্ধান্ত জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক (প্রশাসন) পূর্ণলাক্ষ চাকমার স্বাক্ষরিত এক অফিসিয়াল স্মারকে এ তথ্য জানানো হয়। 

স্মারকে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর পর ২০ ডিসেম্বর একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন। এ প্রেক্ষাপটে শিল্পকলা একাডেমির সব কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

তবে স্থগিত হওয়া অনুষ্ঠান ও প্রদর্শনী পুনরায় কবে শুরু হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সূচি এখনো জানানো হয়নি।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অন্যতম নেতা ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই রাতে ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি কেন্দ্রেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়। পরে শুক্রবার সন্ধ্যায় ঢাকার তোপখানা রোডে উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়েও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এর মধ্যেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব কর্মসূচি ও প্রদর্শনী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছে।