Cvoice24.com

বর্ণাঢ্য আয়োজনে সুরচক্র সঙ্গীত বিদ্যালয়ের ৫ম বর্ষপূর্তি উদযাপন

সিভয়েস২৪ ডেস্ক
১৫:০০, ৫ জুলাই ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে সুরচক্র সঙ্গীত বিদ্যালয়ের ৫ম বর্ষপূর্তি উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের সাংস্কৃতিক শিক্ষাপ্রতিষ্ঠান সুরচক্র সঙ্গীত বিদ্যালয় তাদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। বৃহস্পতিবার (২ জুলাই) মহানগরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

বিদ্যালয়ের উত্তর কাট্টলী (মূল ক্যাম্পাস) ও চট্টেশ্বরী রোড শাখার শিক্ষার্থী, অভিভাবক, আমন্ত্রিত অতিথি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সহকারী পরিচালক (জেনারেল এডুকেশন) মাসুদুর রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মো. ঈমাম হোসাইন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বেতার ও টেলিভিশন শিল্পী সংস্থার সভাপতি আব্দুল মান্নান রানা।

এবারের বর্ষপূর্তির অন্যতম আকর্ষণ ছিল তিন বিশিষ্ট সংগীতগুরুকে ‘গুণীজন সংবর্ধনা’ প্রদান। 

সংবর্ধিতরা হলেন— লয়কারী সঙ্গীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ তবলাগুরু শিবু প্রসাদ চৌধুরী, বাগীশ্বরী সংগীতালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ সঙ্গীতগুরু রিষু তালুকদার এবং রাগিনী সঙ্গীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ সঙ্গীতগুরু ফারুক আহমেদ। অতিথিরা তাদের হাতে সম্মাননা স্মারক ও উত্তরীয় তুলে দেন।

আলোচনা সভায় বক্তারা নতুন প্রজন্মের মধ্যে শুদ্ধ সংগীতচর্চা, সাংস্কৃতিক মূল্যবোধের বিকাশ এবং সুস্থ সমাজ গঠনে সংস্কৃতিচর্চার গুরুত্ব তুলে ধরেন। 

অনুষ্ঠানের সমাপনী ও ধন্যবাদ বক্তব্য দেন সুরচক্র সঙ্গীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ অ্যাডভোকেট সব্যসাচী আচার্য।

পরে নজরুলসংগীত ‘তৃষিত আকাশ কাঁপে রে’ পরিবেশনার মাধ্যমে শুরু হয় মূল সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রশিক্ষকদের পরিবেশনায় একক ও দলীয় কণ্ঠসংগীত, গিটার ও ইউকুলেলে বাদন, তবলা পরিবেশনা, আবৃত্তি, চিত্রপ্রদর্শনী এবং মনোমুগ্ধকর নৃত্য দর্শকদের মুগ্ধ করে।

যন্ত্রানুষঙ্গে ছিলেন জুডিসিয়াস চাকমা (কি-বোর্ড), যোসেফ ডায়েস (গিটার), অর্ঘ্য দাশ ও রাজন বাহাদুর লামা (তবলা), ডেভিড দত্ত (কাহন) এবং টিটু চৌধুরী (অক্টোপ্যাড)। অনুষ্ঠান সফল করতে নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অমিত চৌধুরী, পূণম চৌধুরী, পার্বন ঘরজা ও সৌমেন দত্তসহ আয়োজক কমিটির সদস্যরা।

সবশেষে রবীন্দ্রসংগীত ‘আনন্দধারা বহিছে ভুবনে’-এর সমবেত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, ২০২০ সালে করোনাকালে প্রতিষ্ঠিত সুরচক্র সঙ্গীত বিদ্যালয় বর্তমানে সাধারণ ও শিশু বিভাগে আটটি বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। শুরু থেকেই প্রতিষ্ঠানটি শুদ্ধ সংগীতচর্চা, শিল্প-সংস্কৃতির বিকাশ এবং সাংস্কৃতিক মূল্যবোধসম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।