পবিত্র আখেরি চাহার শোম্বা আজ
সিভয়েস২৪ ডেস্ক
আজ পবিত্র আখেরি চাহার শোম্বা, মুসলিম বিশ্বের জন্য বিশেষ মর্যাদা ও গুরুত্বের দিন। ফারসি ভাষায় ‘আখের’ অর্থ শেষ এবং ‘চাহার শোম্বা’ অর্থ বুধবার; অর্থাৎ হিজরি সনের সফর মাসের শেষ বুধবারকেই আখেরি চাহার শোম্বা বলা হয়।
এ দিনে নবী হযরত মুহাম্মদ (সা.) শেষবারের মতো রোগমুক্ত হয়ে আল্লাহর শোকর আদায় করেছিলেন, তাই মুসলমানরা দিনটি শুকরিয়ার দিবস হিসেবে পালন করেন এবং সাহাবিদের অনুসরণে দান-খয়রাত করে থাকেন।
হিজরি ২৩ সনের সফর মাসের শেষ বুধবার মহানবী দীর্ঘ রোগভোগের পর সুস্থ হয়ে নামাজে ইমামতি করেন। সাহাবিরা নবীর সুস্থতার খবরে উচ্ছ্বসিত হয়ে হাজার হাজার স্বর্ণমুদ্রা দান করেন। পরদিন আবার অসুস্থ হয়ে পড়েন এবং ১৫ দিন পর ১২ রবিউল আউয়াল ইন্তেকাল করেন।
আজ বাদ জোহর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর (ম.) আয়োজন ও ব্যবস্থাপনায় সকাল সাড়ে ৮টা থেকে দুপুর পর্যন্ত খতমে কোরআন, খতমে বোখারী ও খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল (সা.) অনুষ্ঠিত হবে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইসলামিক স্কলারবৃন্দ অংশ নেবেন।
ধর্ম সব খবর















