ওমরাহ ভিসার মেয়াদ সীমিত করলো সৌদি সরকার
সিভয়েস২৪ ডেস্ক
সৌদি আরবের হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রণালয় ওমরাহ ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করেছে। নতুন নিয়ম অনুযায়ী, ভিসা ইস্যুর তারিখ থেকে মেয়াদ গণনা করা হবে।
তবে সৌদি আরবে পৌঁছানোর পর বিদেশি হজযাত্রীদের থাকার সময়কাল আগের মতোই তিন মাসই থাকবে। এ বিষয়ে কোনো পরিবর্তন করা হয়নি।
চলতি বছরের জুন মাসের শুরুতে নতুন ওমরাহ মৌসুম শুরু হওয়ার পর থেকে বিদেশি যাত্রীদের জন্য ইস্যুকৃত ওমরাহ ভিসার সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। মাত্র পাঁচ মাসে এত বিপুল সংখ্যক বিদেশি যাত্রীর আগমনের কারণে এবারের ওমরাহ মৌসুম আগের সব মৌসুমের তুলনায় রেকর্ড সৃষ্টি করেছে।
সৌদি মন্ত্রণালয় আরও জানিয়েছে, সংশোধিত নিয়ম অনুযায়ী, ভিসা ইস্যু হওয়ার ৩০ দিনের মধ্যে যদি কোনো হজযাত্রী সৌদি আরবে প্রবেশ না করেন এবং নাম নথিভুক্ত না করেন, তাহলে তার ওমরাহ ভিসা বাতিল হয়ে যাবে। এই বিধিগুলো আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে।
ন্যাশনাল কমিটি ফর ওমরাহ অ্যান্ড ভিজিটের উপদেষ্টা আহমেদ বাজাইফার জানিয়েছেন, গ্রীষ্ম মৌসুম শেষ হওয়ার পর মক্কা ও মদিনায় তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে ওমরাহ যাত্রীদের ভিড় বৃদ্ধি পেতে পারে। ভিড় ও অতিরিক্ত চাপ সামাল দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ধর্ম সব খবর















