Cvoice24.com

শুভ বড়দিন আজ, প্রার্থনা ও উৎসবে মুখর দেশ

সিভয়েস২৪ ডেস্ক
১৬:৩৮, ২৫ ডিসেম্বর ২০২৫
শুভ বড়দিন আজ, প্রার্থনা ও উৎসবে মুখর দেশ

আজ ২৫ ডিসেম্বর খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ দিনেই ফিলিস্তিনের বেথলেহেমে জন্মগ্রহণ করেন খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট। তাঁর জন্মদিন উপলক্ষে বিশ্বজুড়ে প্রার্থনা, ধর্মীয় আচার ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বড়দিন পালিত হচ্ছে। এ উপলক্ষে দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। খ্রিষ্টান ধর্মানুসারীরা গির্জায় বিশেষ প্রার্থনায় অংশ নেওয়ার পাশাপাশি পরিবার ও প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের গির্জাগুলো আলোকসজ্জা, ফুল ও ধর্মীয় প্রতীকে সাজানো হয়েছে। বড়দিনের আগের রাত থেকেই গির্জা ও আশপাশের এলাকায় আলোর ঝলকানি উৎসবের আমেজ তৈরি করে। তেজগাঁওয়ের পবিত্র জপমালা রানীর গির্জা ও মোহাম্মদপুরের সেন্ট ক্রিস্টিনা চার্চসহ বিভিন্ন গির্জায় সকালে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়, যেখানে হাজারো যিশুভক্ত অংশ নেন।

খ্রিষ্টান পরিবারগুলোতেও রয়েছে বিশেষ আয়োজন। ঘরে ঘরে তৈরি হচ্ছে কেক ও ঐতিহ্যবাহী খাবার। অনেকেই আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটাতে শহর ছেড়ে গ্রামের বাড়িতে যাচ্ছেন। বিভিন্ন এলাকায় ধর্মীয় সংগীত ও প্রার্থনাসভা আয়োজন করা হয়েছে।

বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় করার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা যিশুখ্রিষ্টের শান্তি, সত্য ও ন্যায়ের শিক্ষার আলোকে দেশ গঠনে সবার ভূমিকার কথা উল্লেখ করেন।

খ্রিষ্টানদের বিশ্বাস অনুযায়ী, যিশুখ্রিষ্ট মানবপ্রেম, ক্ষমা ও সহনশীলতার শিক্ষা দিয়ে গেছেন। বড়দিন সেই শিক্ষার আলোকে সমাজে মানবিকতা, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার অঙ্গীকারের দিন হিসেবে উদযাপিত হচ্ছে।