এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা
সিভয়েস২৪ ডেস্ক
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (AUW)-এর উদ্যোগে আগামী ৩০ ও ৩১ জানুয়ারি, ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অন্যতম ও খ্যাতনামা বিতর্ক প্রতিযোগিতা এইউডাব্লিউ আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা (AUWIV 2026)। এটি এইউডাব্লিউ-তে আয়োজিত পঞ্চম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা।
বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ব্রিটিশ পার্লামেন্টারি (BP) ফরম্যাটে এবং বিতর্কের ভাষা হবে ইংরেজি। প্রতিযোগিতায় সারা বাংলাদেশ জুড়ে ৩২টি দল অংশগ্রহণের সুযোগ পাবে, যেখানে নারী বিতার্কিক সংযুক্ত দলসমূহকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
এই বছর AUWIV 2026–এ উপস্থিত থাকবেন দেশবরেণ্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন ড. রুবানা হক, মুখ্য অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ মহিলা ফুটবল সমিতির খেলোয়াড় রিতুপর্ণা চাকমা, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল সালাউদ্দিন আহমেদ, ডেপুটি রেজিস্ট্রার সানাউল করিম চৌধুরী, এবং ডিন অফ স্টুডেন্টস ড. ফাতেমা ম্যারি সিডোতাম।
প্রতিযোগিতাটির আয়োজক সংস্থা এইউডাব্লিউ ডিবেটিং সোসাইটি, যা শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, মত প্রকাশের স্বাধীনতা ও নেতৃত্বের দক্ষতা বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। আয়োজকদের দৃঢ় বিশ্বাস, AUWIV কেবল একটি বিতর্ক প্রতিযোগিতাই নয়, বরং এটি তরুণদের চিন্তা, মতবিনিময় ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের এম. এম. আলী ক্যাম্পাসে।
শিক্ষা সব খবর















