Cvoice24.com

জানা গেলো এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি

সিভয়েস২৪ ডেস্ক
১৩:৪৪, ১২ জানুয়ারি ২০২৬
জানা গেলো এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি

দেশের লাখো পরীক্ষার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আন্তঃশিক্ষা বোর্ড ঘোষণা করেছে ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা এর সম্ভাব্য সময়সূচি। নতুন সূচি অনুযায়ী, এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে এপ্রিল মাসের শেষ সপ্তাহে। এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে জুন মাসের শেষ সপ্তাহে।

শিক্ষা বোর্ড জানিয়েছে, এবারের পরীক্ষার সময়সূচি পরিবর্তনের মূল কারণ হলো ২০২৬ সালের জাতীয় নির্বাচন এবং পবিত্র রমজান মাস। সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারিতে এসএসসি ও এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে এ বছর পরীক্ষার্থীদের সুবিধার জন্য সূচি সাময়িকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে।

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ হলো, ফরম পূরণ প্রক্রিয়া ১ মার্চ ২০২৬ থেকে শুরু হবে। বোর্ড আশা করছে, এক থেকে দুই সপ্তাহের মধ্যে ফরম পূরণ প্রক্রিয়া সম্পন্ন হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির জানিয়েছেন, ‘এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা ও ফরম পূরণের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখন পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি চলছে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, মাঠ পর্যায় থেকে বিশেষ কোনো অনুরোধ এলে ফরম পূরণের সময় দু-এক দিন বাড়ানো হতে পারে।

শিক্ষা বোর্ড জানিয়েছে, প্রশ্নপত্র মুদ্রণ ও বিতরণসহ পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা সম্পন্ন।

শিক্ষা সব খবর