চবি সাংবাদিককে ছাত্রদল নেতার হামলার হুমকি, চাকসুর নিন্দা ও শাস্তি দাবি
চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্টার নিউজ টেলিভিশনের প্রতিনিধি এম. মিজানুর রহমানকে চবি ছাত্রদল নেতা কর্তৃক পাহাড়ে নিয়ে হামলার হুমকির প্রতিবাদে নিন্দা ও শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব স্বাক্ষরিত এ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, মাদকে অভিযুক্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলকর্মী মো. আব্দুস সালাম সালমান অবৈধভাবে শহীদ মোঃ ফরহাদ হোসেন হলে অবস্থান করছিল। হলে অবৈধভাবে সিট দখলের সংবাদ প্রকাশ করায় নিজেকে সালমান পরিচয় দিয়ে গত সোমবার রাতে স্টার নিউজের চবি প্রতিনিধি মিজানুর রহমানকে হল থেকে টেনে নিয়ে পাহাড়ে উঠিয়ে মারার হুমকি দিয়েছে শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সিফাতুল ইসলাম।
সংবাদ মাধ্যমের স্বাধীনতা জুলাই গণ-বিপ্লবের অন্যতম আকাঙ্ক্ষা। জুলাই গণ-বিপ্লব পরবর্তী বাংলাদেশে, বিশেষ করে জাতীয় নির্বাচনের প্রাক্কালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানের কোন শিক্ষার্থীর জন্য এমন কর্মকান্ড অত্যন্ত দুঃখজনক।
বিবৃতিতে আরো বলা হয়, চাকসু মনে করে এমন হুমকি ক্যাম্পাস সাংবাদিকতার জন্য প্রতিবন্ধকতা তৈরী করবে। সর্বোপরি স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতের প্রতিবন্ধকতা দাঁড় করিয়ে ছাত্রদল নেতা-কর্মীদের এমন হুমকির তীব্র নিন্দা জানাচ্ছে চাকসু। পাশাপাশি সকল দায়িত্বশীল সংগঠনকে ক্যাম্পাসের সকল শিক্ষার্থীর মানবাধিকার নিশ্চিতে কাজ করার আহ্বান জানানো হচ্ছে।
ক্যাম্পাস সব খবর















