চবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
চবি প্রতিনিধি
বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি পালন করা হয়।
সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর একে একে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতি, হল প্রভোস্ট, প্রক্টরিয়াল বডি, চাকসু নেতৃবৃন্দ, সাংবাদিক সমিতি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে একটি শোক র্যালি প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান অনুষদের ডিন ও আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “ভাষা আন্দোলনের মহান উদ্দেশ্য আমরা এখনো পুরোপুরি বাস্তবায়ন করতে পারিনি। ইংরেজি শিক্ষার প্রসারকে নিন্দা জানাই না, তবে বাংলাকে অবহেলা করে নয়। জাতীয় ও আন্তর্জাতিক বাস্তবতায় বাংলার প্রতি সমভাবে গুরুত্ব আরোপ করা জরুরি।”
উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে বাংলা ভাষা ও সংস্কৃতির কার্যকর ব্র্যান্ডিং প্রয়োজন। পাশাপাশি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা সংরক্ষণেও উদ্যোগ নিতে হবে।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, “অন্য ভাষা শেখা দক্ষতা; কিন্তু বাংলাকে ভুলে গিয়ে অন্য ভাষাকে প্রাধান্য দেওয়া দৈন্যতার পরিচয়।”
সভায় আরও বক্তব্য দেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, ছাত্র-ছাত্রী পরামর্শ কেন্দ্রের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, অতীশ দীপংকর হলের প্রভোস্ট এজিএম নিয়াজ উদ্দিন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ হাসমত আলী, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।
ক্যাম্পাস সব খবর















