Cvoice24.com

একুশ মানে আত্মসম্মান : চুয়েট ভিসি

রাউজান প্রতিনিধি, সিভয়েস২৪
২১:০৭, ২১ ফেব্রুয়ারি ২০২৬
একুশ মানে আত্মসম্মান : চুয়েট ভিসি

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)—এ প্রভাত ফেরী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ক্যাম্পাসের উত্তর গোল চত্বর থেকে কেন্দ্রীয় শহিদ মিনার পর্যন্ত প্রভাত ফেরী বের করা হয়। পরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ভাইস–চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, 'একুশ মানেই আত্মসম্মান, একুশ মানেই আত্মত্যাগের প্রেরণা। ভাষার জন্য যে রক্ত ঝরেছে, সেই ভাষার মর্যাদা রক্ষা ও বিকাশ সাধনই হোক আমাদের অঙ্গীকার।'

সভায় সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান।

এ ছাড়া শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা শেষে ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণে তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।

ক্যাম্পাস সব খবর