চবিতে ১৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
চবি প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রায় ১৩ কোটি ৩০ লাখ টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে–পরিবহন দপ্তর, বিএনসিসি, প্রেস, শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন নির্মাণ এবং পুরাতন কলা অনুষদ ও লাইব্রেরির সম্মুখ রাস্তার সৌন্দর্যবর্ধন।
রবিবার ও সোমবার (২২ ও ২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এসব প্রকল্প উদ্বোধন করেন।
উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা শিক্ষক-শিক্ষার্থীদের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও শিক্ষকদের কর্মকাণ্ড সুচারুরূপে পরিচালনার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘উদ্বোধিত প্রকল্পগুলোর নির্মাণ কাজ শেষ হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।’
বিশ্ববিদ্যালয়ের চিফ ইঞ্জিনিয়ার আব্দুল আহাদ জানান, এসব প্রকল্পের মোট বাজেট ১৩ কোটি ২৯ লাখ ৯৬ হাজার টাকা। খুব দ্রুত কাজ শুরু হবে এবং আগামী এক বছরের মধ্যে এগুলো সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে।
প্রকল্পের উদ্বোধনে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শিক্ষক প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী এবং ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি।
ক্যাম্পাস সব খবর















