সাংবাদিককে চবি ছাত্রদল নেতার হুমকি, প্রতিবাদে এরাবিক ডিবেট ক্লাবের মানববন্ধন
চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার নিউজের ক্যাম্পাস প্রতিনিধি এম মিজানুর রহমানকে শাখা ছাত্রদল নেতা কর্তৃক মারধরের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও মার্চ ফর জাস্টিস পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরাবিক ডিবেটিং ক্লাব (সিইউএডিসি)। এতে সংহতি জানিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সদস্যবৃন্দ।
বুধবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে মার্চ ফর জাস্টিস নিয়ে প্রক্টর অফিসে যায় আন্দোলনকারীরা।
মানববন্ধনে ‘শিক্ষা না মাদক, শিক্ষা শিক্ষা,’ ‘অবৈধ হল দখল, চলবে না চলবে না,’ ‘মাদকের ঠিকানা, এ ক্যাম্পাসে হবেনা,’ ‘আমার ভাইকে হুমকি কেন, প্রশাসন জবাব চাই,’ ‘খুনী লীগের সংস্কৃতি ফিরতে দেয়া হবেনা,’ ‘শিক্ষা সন্ত্রাস, একসাথে চলে না,’।
সংহতি জানিয়ে মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও একাত্তর টিভির ক্যাম্পাস প্রতিনিধি মাহফুজ শুভ্র, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের ক্যাম্পাস প্রতিনিধি রেফায়েত উল্যাহ রুপক, সদস্য ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ক্যাম্পাস প্রতিনিধি রেদ্ওয়ান আহমদ।
মানববন্ধনে চবি এরাবিক ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক এএইসএম রিয়াদ বলেন, ‘‘শহীদ ফরহাদের ক্যাম্পাসে কোন সন্ত্রাসীকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। যেখানেই সন্ত্রাসীরা পূর্বের সংস্কৃতিতে ফিরে যেতে চাইবে সেখানেই আমাদের অবরোধ, আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’’
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে চবিসাসের সাধারণ সম্পাদক মাহফুজ শুভ্র বলেন, ‘‘জুলাই আন্দোলন পরবর্তী সময়ে ক্যাম্পাসে সাংবাদিকদের উপর হামলার হুমকির প্রতিবাদে রাস্তায় নামতে হবে এটা আসলে লজ্জাজনক। ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার ওপর যাঁরা হস্তক্ষেপ করতে চায় এটা তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। আমরা স্বাধীন ক্যাম্পাসে ফ্যাসিবাদ কায়েম হতে দিবোনা।’’
যুগ্ম সাধারণ সম্পাদক রেফায়েত উল্যাহ রুপক বলেন, ‘‘যারা পূর্বের ন্যায় চর দখল, ক্যাম্পাস দখল করে একনায়কতন্ত্র কায়েম করতে চাইবে তাদেরকে ছাত্রলীগের পরিণতি ভোগ করতে হবে।’’
এরআগে, সোমবার (২৬ জানুয়ারি) রাত আনুমানিক সোয়া ১২টার দিকে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘স্টার নিউজ’–এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এম. মিজানুর রহমানকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে হুমকি দেন চবি শাখা ছাত্রদলের সহ-সংগঠনিক সম্পাদক মো. সিফাতুল ইসলাম। চবির শহীদ ফরহাদ হোসেন হলে অবৈধভাবে সিট দখল ও মাদক সংশ্লিষ্টতার সংবাদ প্রকাশ করায় পাহাড়ে নিয়ে গিয়ে মারার হুমকি দেন তিনি।
ক্যাম্পাস সব খবর















