Cvoice24.com

চবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম
ব্যবসায় অনুষদের ডিনের নিয়োগ বাতিলের দাবি

চবি প্রতিনিধি, সিভয়েস২৪
১১:৩৫, ২৯ জানুয়ারি ২০২৬
ব্যবসায় অনুষদের ডিনের নিয়োগ বাতিলের দাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে একাউন্টিং বিভাগের প্রফেসর ড. মো. আবদুর রহমানকে নিয়োগ দেওয়ায় প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ডিনের মতো গুরুত্বপূর্ণ পদে আওয়ামীপন্থী শিক্ষককে নিয়োগ দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষকদের এই সংগঠন।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিনের নিয়োগ বাতিলের দাবি করে বিবৃতি দিয়েছে সংগঠনটি। বিবৃতিতে প্রফেসর ড. মো. আবদুর রহমানকে স্বৈরাচারী শাসনের দোসর বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে স্বাক্ষর করেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম।

বিবৃতিতে বলা হয়, প্রফেসর ড. আবদুর রহমান অতীতের স্বৈরশাসনের অন্যতম সমর্থক ও আদর্শিক সহযোগী হিসেবে পরিচিত। রাজনৈতিক বিবেচনায় ২০১৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে তাকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে কর্মরত আছেন। তার নিয়োগ বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট মতাদর্শিক দাপট ও ভিন্নমত দমনের অপচেষ্টাকে সংহত করবে বলে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিবৃতিতে উল্লেখ করা হয়।

জানতে চাইলে চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন বলেন, আমরা তার এই নিয়োগের প্রতিবাদ জানাই।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম বলেন, এই নিয়োগ নিয়ে আমরা সংক্ষুব্ধ। আমি লিখিত প্রতিবাদ জানিয়েছি। এখন এটা ছাড়া আমাদের কিছু করার নেই।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে একাউন্টিং বিভাগের প্রফেসর ড. মো. আবদুর রহমানকে দায়িত্ব প্রদান করা হয়। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, ব্যবসায় প্রশাসন অনুষদের কার্যাদি সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে একাউন্টিং বিভাগের প্রফেসর ড. মো. আবদুর রহমানকে যোগদানের তারিখ থেকে ডিন নির্বাচন না হওয়া পর্যন্ত অথবা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিনের দায়িত্বভার প্রদান করা হলো। তিনি উক্ত দায়িত্ব পালনের জন্য প্রচলিত নিয়মে ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন প্রফেসর ড. আবদুর রহমান সাবেক ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন। অধ্যাপক মোহাম্মদ তৈয়ব চৌধুরী চট্টগ্রামের পোর্ট সিটি ইউনিভার্সিটির নতুন ভাইস চ্যান্সেলর (উপাচার্য) হিসেবে নিয়োগ পেয়েছেন গত বছরের ১৭ নভেম্বর। তিনি মার্কেটিং বিভাগের অধ্যাপক। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, চবি শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাবেক ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী বলেন, এটি একটি ইন্ডিপেন্ডেন্ট পদ। তিনি ছুটিতে যাননি, এখানেই কর্মরত ছিলেন। বছরে দুই-একবার মিটিংয়ের সময় সেখানে যেতেন। এটি কোনো চাকরি নয়। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তিনি একজন নিরপেক্ষ মানুষ বলা যায়।

নতুন নিয়োগ পাওয়া ডিন প্রফেসর ড. আবদুর রহমানকে রাজনৈতিক বিবেচনায় ২০১৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় বলে অভিযোগ চবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের। তবে অভিযোগের বিষয়টি তিনি নাকচ করে দেন।

জানতে চাইলে প্রফেসর ড. আবদুর রহমান বলেন, আমি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ছিলাম শিপিং কর্পোরেশনের। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন আমি কোনো দল করি কি না। আমি বিশ্ববিদ্যালয়ের কর্মক্ষেত্রেই ছিলাম, কোথাও যাইনি।

জানতে চাইলে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ২০১৬ সালের পর তিনি সেখানে চাকরিতে আছেন কি না—এ বিষয়ে সঠিক তথ্য আমার কাছে নেই। আমি ব্যক্তিগতভাবে চাই না কোনো ফ্যাসিবাদী মানসিকতার ব্যক্তি দায়িত্বে থাকুক। তবে তিনি ফ্যাসিবাদী সমর্থক কি না, রেজিস্ট্রার হিসেবে আমি তা নিশ্চিত করে বলতে পারছি না।