চবিতে সাংবাদিককে ছাত্রদল কর্মীর হুমকি, তদন্তে দুই সদস্যের কমিটি গঠন
চবি প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কর্মরত সাংবাদিক এম মিজানুর রহমানকে পাহাড়ে টেনে নিয়ে মারধরের হুমকির ঘটনায় শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সিফাতুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের ভিত্তিতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, গত ২৭ জানুয়ারি দাখিল করা অভিযোগপত্রে উত্থাপিত সার্বিক বিষয়াদি তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন দাখিলের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. কোবারান আলী। কমিটির সদস্য হিসেবে রয়েছেন অ্যাকাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ শফিউর রহমান চৌধুরী।
এতে আরও বলা হয়, অভিযোগে উত্থাপিত বিষয়গুলো তদন্ত করে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে কমিটিকে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সদস্য মো. মিজানুর রহমানকে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে ফোন করে শহীদ ফরহাদ হোসেন হল সংলগ্ন নীড়া পাহাড়ে টেনে নিয়ে মারধরের হুমকি দেওয়া হয়।
এ ঘটনার পরদিন মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে মো. মিজানুর রহমান প্রক্টর অফিসে একটি লিখিত অভিযোগপত্র জমা দেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ‘মাদকে অভিযুক্ত চবি ছাত্রদল কর্মী অবৈধভাবে থাকছেন হলে’ শিরোনামে সংবাদ প্রকাশের জেরে শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সিফাতুল ইসলাম নিজেকে ‘সালমান’ পরিচয়ে উপস্থাপন করে ওই সাংবাদিককে হুমকি দেন।
অভিযুক্ত ব্যক্তির সঙ্গে সাংবাদিক মো. মিজানুর রহমানের কথোপকথনের একটি কল রেকর্ড ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ক্যাম্পাস সব খবর















