Cvoice24.com

জুলাই–আগস্টে হত্যাচেষ্টার মামলা
জামিন পেলেন সাবেক এমপি বদি

সিভয়েস২৪ ডেস্ক
১৭:১৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
জামিন পেলেন সাবেক এমপি বদি

জুলাই–আগস্টে সংঘটিত সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হাইকোর্টের একটি বেঞ্চ শুনানি শেষে নির্দিষ্ট শর্তে তার জামিন মঞ্জুর করেন বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।

এর আগে, ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। জুলাই–আগস্টে আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাযজ্ঞে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার মামলা করা হয়।

জুলাই–আগস্টের সহিংসতার ঘটনায় দেশজুড়ে একাধিক মামলা হয়েছে। এসব মামলায় রাজনৈতিক নেতা-কর্মীসহ অনেককে আসামি করা হয়েছে। ওই সময়ের ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসেবে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করা হয়।

হাইকোর্টের আদেশের ফলে তার মুক্তিতে আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন আইনজীবীরা। তবে মামলার বিচারিক কার্যক্রম চলমান থাকবে।

উল্লেখ্য, আবদুর রহমান বদি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেননি।