ফের বাড়লো আয়কর রিটার্ন দাখিলের সময়
সিভয়েস২৪ ডেস্ক
আয়কর রিটার্ন দাখিলের সময় আরও একমাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৫-২৬ করবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারির পরিবর্তে ৩১ মার্চ নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এনবিআরের দ্বিতীয় সচিব মো. একরামুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ‘আয়কর আইন, ২০২৩’-এর ৩৩৪ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এবং সরকারের পূর্বানুমোদনক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৬-এর পরিবর্তে ৩১ মার্চ ২০২৬ নির্ধারণ করা হয়েছে।
এর আগে আয়কর রিটার্ন দাখিলের সময় তিন দফায় এক মাস করে বাড়ানো হয়েছিল। আইন অনুযায়ী সাধারণত ব্যক্তি করদাতাদের রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ৩০ নভেম্বর। তবে নতুন আয়কর আইন বাস্তবায়ন এবং অনলাইনে রিটার্ন দাখিলে করদাতাদের খাপ খাইয়ে নেওয়ার সুযোগ দিতে দফায় দফায় সময় বাড়ানো হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অর্থ-বাণিজ্য সব খবর















