Cvoice24.com

বিয়ের পিঁড়িতে বিজয়-রাশমিকা

বিনোদন ডেস্ক
১৯:৪৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বিয়ের পিঁড়িতে বিজয়-রাশমিকা

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভারতের উদয়পুর শহরের একটি বিলাসবহুল হোটেলে রাজকীয় আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ১০টা ১০ মিনিটে বিজয়ের পরিবারের তেলুগু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর বিকেল ৪টায় রাশমিকার জন্মস্থান কর্ণাটকের কুর্গ বা কোডাভা রীতিতে দ্বিতীয়বার সাতপাক ঘোরেন তারা।

বিয়ের আগে অনুষ্ঠিত গায়ে হলুদ ও সংগীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোবিজের তারকা ও দুই পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে বিজয়-রাশমিকাকে তাদের জনপ্রিয় সিনেমা ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ এর গানে নাচতে দেখা গেছে। এছাড়া ‘পুষ্পা’ সিনেমার ভাইরাল গান ‘পিলিংস’-এর তালে অতিথিরাও নাচে অংশ নেন। পুরো ভেন্যু সাজানো হয়েছিল গোলাপি গোলাপ ও গাঁদা ফুলের কারুকার্যে।

বিয়ের ভোজেও ছিল দক্ষিণী সংস্কৃতির ছোঁয়া। অতিথিদের কলাপাতায় পরিবেশন করা হয় হায়দেরাবাদি দম বিরিয়ানি, অন্ধ্রের ‘নাটু কোডি পুলুস’, মেডু বড়া এবং কর্ণাটকের বিখ্যাত ‘পান্ডি কারি’। মিষ্টি হিসেবে ছিল মহীশূর পাক। এছাড়া অতিথিদের স্বাগত জানানো হয় ডাবের পানি দিয়ে।

বিজয় ও রাশমিকার প্রথম দেখা হয়েছিল ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’-এর সেটে। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের আসরে উপস্থিত ছিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা, রাহুল রবীন্দ্রন, অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন এবং এশা রেব্বার সহ অন্যান্য তারকা।

এখনও নবদম্পতি আনুষ্ঠানিকভাবে কোনো ছবি প্রকাশ না করলেও সামাজিক মাধ্যমে তাদের বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্ত ও সহকর্মীরা শুভেচ্ছা জানাচ্ছেন।